সোনা আমার !!
কি বিচিত্র হলো এই ব্যাপারখানা যে রে -
সবই আছে , দেখছি সবই ; তবু নেইতো শরীরে !
আচমকা বেশ জোরসে ব্যাথা হয়েছিলো বুকে ,
তারপরে এই ভাসছি হাওয়ায় , গেছে ব্যাথা চুকে :
ওইতো আমি দিব্যি শুয়ে চাদর মুড়ি দিয়ে ,
জব্বর ঘুম দিচ্ছি আমি ঠ্যাং দুটো ছড়িয়ে !!
আ মোলো যা মহারাণী , কেঁদে মরিস কেন ?!
মনেতে ভাবাই ছিলো , আপদ জলদি কাটে যেনো ।
দেখছি রগড় কিছু লোকের , কতো ভালোবাসে :
করে পলিটিক্স সারাক্ষণ , ন্যাকা কান্নায় ভাসে !
বেশ জমাটি কেসটা হলো এবার হাওয়ায় উড়ে ,
এধার ওধার করবো আমি পুরো জগৎ জুড়ে :
ভার শরীরের নেমে গেলো হালকা আমি এখন ,
এই তো আমার মৃত্যু সোনা এসে পড়েছে যখন !!