Skip to main content

কবিতা ।। হারিয়ে যাওয়া একতারা ।। সবুজ সরকার

হারিয়ে যাওয়া একতারা 

সবুজ সরকার


এখনো বিকেল হলে
পৃথিবী যখন এলো চুলে ক্লান্ত হয়ে বসে,
পশ্চিম আকাশে যখন রং নিয়ে খেলা খেলা যুদ্ধ,
আমি সঞ্চয়িতা নিয়ে বসি;
সারারাত না ঘুমানো চোখ
উদ্ভ্রান্ত উপোসী সকালের আশ্রয়
ঐ মোরাম বিছানো পথের মহাকাব্য।

আমি তোমার অলস দুপুরের জাপান যাত্রী
ছবির পরে আঁকা ছবি
জীবন সে যে নিছক জীবন নয়,
সে জীবনের মাঝে লুকিয়ে আছে এক মহা জীবন
সে এক আশ্চর্য কথোপকথন ।

আমি কান পেতে থাকি,
সোনাঝুরির মাঠ
বিদেশি পর্যটক আর গ্লোবালাইজেশন
আমি খুঁজি হারিয়ে যাওয়া একতারা
কোপাই নদীর ধারে
নাম না জানা এক পাখি
সারারাত ডেকে যায়।

______________________

সবুজ সরকার, মালদা

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই