Skip to main content

বোশেখ মানেই আলোর দিশা ।। জয়শ্রী সরকার


বোশেখ মানেই আলোর দিশা

 জয়শ্রী সরকার


বোশেখ মানেই নতুন বছর , আনন্দ-কলতান
ভোরের মৃদু-মন্দ হাওয়ায় পাখপাখালির গান ।
বোশেখ মানেই দুই বাংলারই আকাশ ছোঁয়া আশা
হৃদয় দিয়ে লালন করি প্রাণের ভালোবাসা !

বোশেখ মানেই জীবনবৃক্ষে একটা ঝরাপাতা
আনন্দেতে খুলবে মানুষ জীবিকার হালখাতা ।
বোশেখ মানেই আনন্দগান প্রকৃতির কলরব
প্রত্যাশারা অপেক্ষাতে জীবনেরই বৈভব !

বোশেখ মানেই রবীন্দ্রনাথ প্রাণের ঠাকুর বরণ
কাব্য-নাটক , নৃত্য-গীতে সবাই করি স্মরণ ।
বোশেখ মানেই আনমনা হই রবীন্দ্রনাথ চিতে
আকাশ-বাতাস মন্দ্রিত হয় রবীন্দ্রসংগীতে !

বোশেখ মানেই কালবোশেখী ঝড়ের মাতন সে কী !
স্নিগ্ধ তো হয় বসুন্ধরা , সেই ছবিটাও দেখি ।
বোশেখ মানেই পিচ্ গলা পথ তপ্ত তাওয়ার মতো
দীঘল বটের শীতল ছায়া প্রাণটা জুড়ায় কত !

বোশেখ মানেই নতুন শপথ, র'ইবো সবাই বেঁধে
গাইবো যে গান একসাথে সব এক সুরেতেই সেধে।
বোশেখ মানেই নতুন আলো , নতুন প্রাণের দিশা
সবুজে মন উঠবে ভরে , কাটবে অমানিশা !

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই