Skip to main content

একুশের কবিতাগুচ্ছ ।। বিচিত্র কুমার



একুশের গান

একুশ এলেই মনে পড়ে
বর্ণমালার গান,
ভাষার প্রতি শহীদ ভাইদের
কী নিদারুণ টান।

ভাষার দাবিতে রাজ পথে
দিলো যারা তাজা প্রাণ,
তাদের রক্তে লেখা হলো
বাংলা অভিধান।

মায়ের মুখের মাতৃভাষা
পেলো স্বাধীনতা,
একুশ এলেই পুষ্প শয্যায়
জানাই কৃতজ্ঞতা।

জীবন দিয়ে রেখে গেল
যারা মাতৃভাষার মান,
সেই শোকেতে গাই আমরা
একুশের গান।


বাংলা ভাষার উপাখ্যান

মায়ের মুখে শুনেছি
আমাদের বাংলা ভাষার উপাখ্যান,
ঊনিশ'শ বাহান্নর আগে ছিলো না
এই মাতৃভাষার এত সম্মান।

শুনছিলাম ভিনদেশিদের ভাষাই বলে
বলতে হবে আমাদের কথা,
এই খবরে পর্ব বাংলার ছেলেদের
ভীষণ মাথা ব্যথা।

ক্ষিপ্ত হয়ে ছেলেরা সব
গেল রাজ পথে,
স্লোগান মিছিল চলে দিকেদিকে
"রাষ্ট্রভাষা বাংলা চাই"এই শপথে।

ফেব্রুয়ারির একুশ তারিখ
মিছিল মিটিং সব নিষিদ্ধ,
রফিক শফিক বরকত জব্বার সহ
হলো আরো অনেকে গুলিবিদ্ধ।

প্রতিবাদের ঝড় উঠে
সমগ্র বাংলা জুড়ে,
স্বীকৃতি পায় বাংলাভাষা
আমাদের ঘরে ঘরে।

 

একুশের চেতনা

একুশ আমাদের জাগ্রত চেতনা
এগিয়ে যাওয়ার প্রেরণা,
একুশ মায়ের দুঃখ বেদনা
একটি জাতির উদ্দীপনা।

একুশ আমাদের দমকা হাওয়া
বাহান্নর ঘুর্ণিঝড়,
একুশ মানে বদলে যাওয়া
আকাশ পাতাল তেপান্তর।

একুশ আমাদের প্রথম বিদ্রোহ
জলে ভাসা নীলপদ্ম,
একুশ মানে শপথ নেয়া
পদ্য আর গদ্য।

একুশ আমাদের রক্তে কেনা
মায়ের মুখের ভাষা,
একুশ মানে বাঙালির অধিকার
একাত্তের স্বাধীনতা।

একুশ আমাদের ভাইয়ের স্মৃতি
ফেব্রুয়ারির গান,
বিশ্ব মানচিত্রে রক্তে লেখা
বাংলা অভিধান।

===================

বিচিত্র কুমার
আলতাফনগর, দুপচাঁচিয়া, বগুড়া।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই