Skip to main content

কবিতা ।। বদ্ধ জলার গন্ধ ।। উৎপলেন্দু দাস

 

বদ্ধ জলার গন্ধ 

উৎপলেন্দু দাস


সংকট শুধুই বাইরে নয়
বাস করে ওতপ্রোত থেকে প্রাত্যহিক জীবনে
চিন্তা ভাবনা ও মননে ।

বুদ্ধির অপরিপুষ্টতায়
বিশ্লেষণ রহিত বর্ণনায় মানুষ থাকে মুগ্ধ
ঋদ্ধ হয় না ব্যাখ্যায় আলোচনায় ।

অনর্থক জাবর কাটা বেড়েই চলে
থাকে না নিগূঢ় সংকেত ভাষায়
গোয়াল ভরে ওঠে স্তূপাকার জাবনায় ।

সত্যকে মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যাকে সত্য
মানুষ ব্যস্ত কেনাকাটায়
চটজলদি সুবিধার স্রোত দহের আবর্তে টেনে নিয়ে যায় ।

মৌলিক বুদ্ধিতে বাসা বাঁধে ক্ষয়রোগ
যুক্তি বিচার ভেসে যায় নর্দমায়
মানুষ যথারীতি খায় দায় ঘুরে বেড়ায় ।

চোখ থাকে ঠুলিতে ঢাকা
নিরন্তর নিজেকে ঠকিয়ে
খোঁটায় বাঁধা দড়ির টানে ক্রমাগত ঘুরে যায় । 

বিভোর থেকে বিচ্ছিন্ন ব্যক্তিগত অচেতন অস্তিত্বে
বিশ্বাস তার শুধুই দৃপ্ত ঘোষণায়
তাই মানুষ হারায় পথ অপরিসীম বুদ্ধিভ্রংশতায় ।

পৃথিবীব্যাপী কত হাতছানি গ্লানিহীন অনুকরণের 
আবদ্ধ করে রেখে চাওয়া পাওয়ার চক্রব্যুহে
জীবন জুড়ে শুধুই বদ্ধ জলার গন্ধ ছড়ায় ।
 
================

ডাঃ উৎপলেন্দু দাস
২৭/৫১, ক্ষেত্র মোহন নস্কর রোড
কলকাতা ৭০০০৪০


 

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই