Skip to main content

ছড়া ।। দিন এসেছে শপথ নেওয়ার ।। দীনেশ সরকার

দিন এসেছে শপথ নেওয়ার

দীনেশ সরকার


ওড়ে পত্‌-পত্‌ আমার দেশের তেরঙ্গা ঝান্ডা ওই
স্বাধীনতা আর দেশপ্রেমের মন্ত্রে দীক্ষা লই ।
নেই ভেদাভেদ আমরা সবাই এক সে ভারতবাসী
দুঃখ-সুখে ব্যথিত বুকে রই যে পাশাপাশি ।

হিন্দু-বৌদ্ধ জৈন-খ্রীস্টান আর পার্সী-মুসলমান
সবার এ দেশ সবাই বন্ধু গাহি মিলনের গান ।
যাদের রক্তে আত্মত্যাগে পেলাম স্বাধীনতা
কভু যেন না যাই ভুলে তাদের ত্যাগের কথা ।

সেই শহিদদের স্মরণ করে আমরা গড়বো দেশ
সবার জন্য সবাই আমরা শেষ  হবে বিদ্বেষ ।
স্বাধীনতা লাভ করেছি পঁচাত্তর বছর হ'লো
স্বাস্থ্য-শিক্ষা-খাদ্য সবার অপূর্ণ রয়ে গেলো  ।

দুর্নীতি আর ভ্রষ্টাচারে দেশ গিয়েছে ভরে
নেতা-মন্ত্রী স্বার্থক্লিন্ন আমজনতা মরে ।
দিন এসেছে শপথ নেওয়ার গড়বো সোনার দেশ
দুর্নীতি আর ভ্রষ্টাচারকে সমূলে করবো শেষ ।

দেশকে যারা হানবে আঘাত চাইবে ভাঙতে তাকে
রক্ত দিয়ে রুখবো তাদের রাখবো স্বাধীন মাকে ।
আমরা স্বাধীন ভারতবাসী গর্বে ভরে যে বুক
দেশের মাটির একটু ছোঁয়ায় মেলে যে পরম সুখ ।

*************************


দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর -- ৭২১৩০৬


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই