Skip to main content

কবিতা ।। স্বাধীনতা পঁচাত্তর পার হলে ।। অঞ্জন বল

স্বাধীনতা পঁচাত্তর পার হলে               

          অঞ্জন বল 


অনেক কিছুই দেখোনি তুমি ১৯৫৭ সাল!
স্বাধীনতার প্রথম দশক ,  
সবে প্রভাতী গানের শেষ রেশ থিতু হয়ে এসেছে পরিত্যক্ত অঙ্গারে আবেগ ফিকে , 
কৈশোরের সন্ধিক্ষণে প্রাচুর্যের ঘামে চুইয়ে পড়া দারিদ্র , তৃতীয় বিশ্ব উঠে দাঁড়াচ্ছিলো
সব পেয়েছির দেশে  হুল্লোড় কত 
গনগনে আঁচে লোহা গরম --
কংক্রিটের ভারত তৈরি হচ্ছিল তখন।

এদেশ তোমার -- কত উলুখাগড়ার প্রাণ গেল , সার্বভৌম সীমান্তে অতন্দ্র প্রহরী 
নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল শিশু সকাল ,
জন্মের প্রথম থেকেই তেরঙা নিশ্চয়তা 
নির্মীয়মাণ আধারে স্ফীত হচ্ছিল পঞ্জর খাঁচা 
তোমার চারপাশে আলো আঁধারির খেলা 
প্রচ্ছন্ন ধর্মের ললিতকলার প্রগল্ভতা চারপাশে , 
টুকরো হচ্ছিলে তুমি -- ব্যবচ্ছিন্ন আধারে 
দেশের ভেতরে আরো একটি দেশ ---
ধিরে ধিরে পরাধীন হচ্ছিলে তুমি ।

পঁচাত্তর পার হলে একটি জাতিও কি জড় বুদ্ধি অনিশ্চয়তায় ভোগে , 
বলশেভিক পতন কি তৃতীয় রাইখের উত্থান ? 
পৃথিবীর বিষুব রেখা ধরে এক বৃত্তাকার
পরিক্রমা -- আবার একটি কালাপানি 
পার হতে হয় ?
স্বদেশি কণ্ঠস্বর মুক্ত শেকল হয়ে উঠে 
আসমুদ্র অসহযোগে স্বাধীনতার দেশে 
নিরন্তর অলিন্দ যুদ্ধ চলে ?

*****************************
অঞ্জন বল
৮৯ হসপিটাল লিংক রোড
ইস্টার্ন পার্ক , সন্তোষপুর
কলকাতা ৭৫

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই