Skip to main content

কবিতা ।। দর্শক ।। সুমা গোস্বামী


দর্শক 

সুমা গোস্বামী 

              

ছায়াঢাকা শুড়িপথের বাঁকে 

যে ঘাসজমিটা বেগনি রঙের ফুলের বাগান ,

সেখানে একটা হলুদ কাঠের বাড়ির 

নিচের তলার চোর কুঠুরির তোরঙ্গে 

লুকিয়ে রেখেছি তোমার-আমার কথাগুলো ।


কোনো এক শিশির ভেজা সকালবেলা 

পাহাড়ী ঝোড়ায় পা ডুবিয়ে 

ঠান্ডা জলের ঝাপট দিই ওদের চোখেমুখে ,

শিরশির করে কেঁপে ওঠে 

তোমার-কথাগুলো ।


যে দিনটাতে আমি মেঘের পাশে বসে গল্প করি ,

সবুজ গাছের পাতায় কবিতা লিখে চলি ,

সেই দিনটাতেই অযত্ন আলস্যের ছোঁয়া পায় 

তোমার-আমার কথাগুলো ।


সমস্ত দায়িত্ব-কর্তব্যের ছুটির পর ,

হলুদ কাঠের বাড়ির ব্যালকনির বেতের চেয়ারে , 

কনেদেখা আলোয় 

নায়ক-নায়িকার সংলাপে

মুখোমুখি বসে তোমার-আমার কথাগুলো ,

আর আমি তখন 

 পাহাড়ি চায়ের কাপে চুমুক দেওয়া 

নিঃসঙ্গ গ্যালারির দর্শক ।


===============

        

          Suma Mitra

         Vivekananda Road

         New Barrackpore

         Dist :- 24 pgs ( n )

         West Bengal 


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায় লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই