Skip to main content

ছড়া ।। রেলের গাড়ি ।। শীলা সোম


রেলের গাড়ি

শীলা সোম


কু ঝিক্‌ ঝিক্‌ রেল গাড়ি,
দেয় ছুট দূরের পানে,
হাওয়ার বেগে যাচ্ছে জোরে,
থামছে শুধু ইস্টিশানে।

গাছ পালা সব মত্ত হয়ে,
চলছে ছুটে, তারই সাথে,
মাঠ ভরা ধান, পুকুর, নদী,
সব যেন এক খেলায় মাতে।

নামছে কেউ, উঠছে কেউ,
রয়েছে কেউ ঠায় দাঁড়িয়ে,
গান গেয়ে কেউ ভিক্ষা করে,
হারমোনিয়াম গলায় নিয়ে।

হকাররা সব চেঁচায় সুরে,
কত রকম যে তাদের ঢং,
ছাই মেখে তীর-ধনুক হাতে,
সাজে আবার কেমন সঙ।

ঝাঁট দিয়ে সব করছে জড়ো,
ট্রেনের ভিতর নোংরা যত,
খুঁটে খুঁটেই খাচ্ছে খাবার,
উচ্ছিষ্ট যা মনের মত।

পালিশ বলে যাচ্ছে ডেকে,
বেচছে জিনিস রকমারি,
কাঁদছে জোরে, ছেলে যে কার,
বসার জন্য হুড়োহুড়ি।

ভাব জমিয়ে নিয়েছে কেউ,
যেন কত কালের চেনা,
তাস খেলছে আপন মনে,
নিত্যযাত্রী তারা ক'জনা।

তাদের নিয়ে ছুটছে গাড়ি,
আলসেমি নেই কক্ষনো, 
সময় ধরে কাজ করে সে,
নিয়ম মেনে চলছে জেনো।




Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই