অশোক দাশ
ভয়ার্ত অন্ধকার কুহেলি সমাচ্ছন্ন
এই দুঃসময়ের বৃত্তে
আলোর পথ কণ্টকাকীর্ণ।
তবুও কাঁটার মুকুট পরে রক্তার্ত শরীরে
আগিয়ে চলেছে আলোর পথযাত্রী যীশুরা।
অনিকেত মানুষের বেদনা
উপোষী শিশুর কান্না
কাজ না পাওয়া
কাজ হারানো মানুষের
মিছিল ক্রমশঃ দীর্ঘায়িত------।
দ্রৌপদীর বস্ত্রহরণ
উলঙ্গ ক্ষতবিক্ষত নারীর লাশ যত্রতত্র,
নেই মান- সম্ভ্রম নিরাপত্তা।
রাজা সুখ নিদ্রায়
ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নে মশগুল।
প্রতিবাদ- প্রতিরোধে যৌবনে জনপ্লাবন--------।
রাজা, তোর সিংহাসন
পদ্ম পাতায় জল,
উঠছে রব সামাল- সামাল
এ মিছিল দুর্নিবার
মানবে না কভু হার।
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
মোবাইল নম্বর-৮৩৪৮৭২৫৩৩৩
Comments
Post a Comment