আসছে উমা
মর্ত্য থেকে ফিরেই গনেশ
মুখ করেছে ভার,
বলছে নাকি মামার বাড়ি
যাবেই না সে আর!
শুঁড়েতে তার হাত বুলিয়ে
মাথায় দিয়ে চুমা,
রাগ করেনা সোনা বাবা
বলছে ডেকে উমা।
গনেশ তবু গোমরা মুখেই
গোঁ ধরেছে ভারী,
মামার বাড়ির সাথে তার
বরাবরের আড়ি...।
উমা শুধায় কি হয়েছে
বলতো ভালো করে,
কেউ কি সেথায় তোর ভুঁড়িতে
চিমটি দিল জোড়ে?
গনেশ বলে ওসব না মা
বদলে গেছে সব,
ওদের কাছে পুজো মানে
মদিরা উৎসব।
সন্ধ্যা হলেই ক্লাব গুলোতে
চলছে নেশার রাজ,
প্রাণ খোলা সেই আড্ডা মজা
কেউ করেনা আজ।
উৎসব নয় এখন ওরা
ধর্ম নিয়েই মাতে,
মানুষ গুলো জাতের নামে
এ ওর মাথা কাটে।
একলা বসে প্যান্ডেলেতে
কান্না পেল ভারী,
হারিয়ে গেছে মা-গো আমার
চেনা মামারবাড়ি...।
উমার চোখও ভিজলো জলে
মনটা হল ভার,
ধর্ষিতা মেয়ে পায়নি বিচার
বছর হল পার।
শিক্ষা যেথা বিকোয় টাকায়
চাকরি জোটে ঘুষে,
জালিয়াতির আবর্জনা
ভাতাতে যায় মুছে।
আয় মা উমা দশভূজা
রণংদেহী রূপে,
তোর শক্তিটুকু দে মা
নারীর বারুদ ভরা বুকে।
যে মেয়েরা ছিল নত
অত্যাচারের ভারে,
এবার তারা উঠুক জেগে
তোর তীব্র হুঙ্কারে..
নিজ অধিকার ছিনিয়ে নেওয়ার
দাবি হোক জারি,
ওদের বুকে শক্তি দিতে
আয় মা বাপের বাড়ি...।।
লেখিকার নাম - মাম্পী রুইদাস
শিক্ষাগত যোগ্যতা - B.A, M.A & Pursuing B.Ed
ঠিকানা - পাত্রসায়ের, বাঁকুড়া, পিন - 722206
যোগাযোগ/হোয়াটসঅ্যাপ নং - 7557042322
Comments
Post a Comment