ভাতফুল ভাতের থালার কাছে বসে দেখলে ভাত কই! সাদা ফুল ফুটে আছে থালার বাগানে ফুলের ভেতরে থাকা রেণু খেয়ে যাচ্ছে মৌমাছি, প্রজাপতিরা সেই বাগানেই এক নিরন্ন মানুষ ক্রমাগত ভাত চায়, খিদের গোঙানি তারই পাশ দিয়ে চলে গেলে তুমি দেখতে পেলেনা তোমার দুচোখ থেকে বেগবান দুটি ঘোড়া, আর নৃত্যরত দুটি বিদেহী ময়ূর বের হয়ে এসে সমস্ত বাগানময় কৌশল ছড়ায় একবার ঘোড়ার দৌড়ের দিকে চোখ একবার ময়ূরের নৃত্যের ভেতরে গিয়ে বসে থাকলে তুমি ভাতের থালার সাদা ফুলগুলি শুধু খিদের ভেতরে গিয়ে জ্বলে উঠলো ধূ ধূ
তবুও প্রজাপতিটা সুবিনয় হালদার হলুদের ছোঁয়া তখনো লাগেনি পত্রে তবুও প্রজাপতিটা উড়ে এসে বসেছিল গায়ে— এখনো বসে ভুল ভবিষ্যৎ! কত সোহাগে রং মেখেছিল কোন এক ফাগুনের দুপুরে, এসেছিল একাকী— ফাগ-ছড়ানো বাঁশ বন তালগাছ পুকুরপাড়— মেঠো পথ ধরে অন্ধকার পথে ; পরাগের রেনু মিলেমিশে মাখামাখি ভিজেছিল সেই রাত রংবেরং স্বপ্নের বেড়াজাল ইন্দ্রিয় সুখের ছন্দপতন ঘটে প্রাতে । রজনীগন্ধার গন্ধে মাখা পত্রটা বর্ণমালা শূন্য নিঃশব্দ পলেস্টার খসা দেওয়াল মাকড়সার জাল ভ্যাপসা গুমোট পরিবেশে একাকী পড়ে জীর্ণ বিবর্ণ অপরিচিতদের ভিড়ে ; তবুও প্রজাপতিটা উড়ে এসে বসেছিল গায়ে—অজান্তে পথ ভুলে ! =============== সমাপ্ত =============== সুবিনয় হালদার গ্রাম - দৌলতপুর পোস্ট - দিঘীরপাড় বাজার থানা - ফলতা জেলা - দক্ষিণ ২৪ পরগনা পিন কোড নম্বর -৭৪৩৫০৩ রাজ্য - পশ্চিমবঙ্গ দেশ - ভারতবর্ষ