তিনটি কবিতা ।। মেশকাতুন নাহার
আসনের আলো ছায়া
চেয়ার পেলাম অনেক সাধের—
মনে এখন জোয়ার,
গতকালও ছিলাম তুচ্ছ
আজকে আমি স্যার,
চেয়ারের ওই চারটি পায়ে
দাপট চারিধারে,
বসে বসে দেই যে হুকুম—
চা আনো তো তেড়ে।
আগে যখন কাজে যেতাম
ঘাম ঝরত ক্লেশে,
এখন দেখি সবাই আসে—
আমার এক নির্দেশে!
চেয়ার যেন জাদুর ছোঁয়া
বদলায় যে কথার সুর,
“আপনি” ছেড়ে “তুমি”ডাকে
ক্ষমতার কেমন নূর!
ফাইল দেখে মাথা নাড়ে,
ভ্রুটা একটু কুঁচকে,
চেয়ার হেলান দিয়ে বলে
“লাঞ্চ আজ কি মুচমুচে?”
চেয়ার যত সাধের হোক,
মনে রেখো কথা—
চেয়ার থাকে,পাত্র বদলায়
এই তো জীবন প্রথা।
অনুরাগের নিঃশব্দ প্রত্নচিহ্ন
আমি—
অবহেলিত এক উদ্যানের নীরব বৃক্ষ,
ঋতুচক্রের ভিড়ে
যার দিকে ফেরে না কোনো দৃষ্টি।
কখনো—
অচেনা কোনো পথিক আসে,
ক্ষণিক মুগ্ধতায় থামে;
আমারই কোনো পুষ্প ছিঁড়ে নেয়,
সৌরভে ভিজে
ফিরে যায় নিজস্ব গতিপথে।
আমি তখন—
অপূর্ণতার দীর্ঘ প্রতিধ্বনি বুকে নিয়ে
দাঁড়িয়ে থাকি স্থির;
ঝরে পড়া পাপড়ির শব্দে
গুনি নিজের ক্ষয়।
আমার অস্তিত্ব—
স্পর্শের আগেই বিস্মৃত উচ্চারণ,
অথবা ব্যবহারের পর পরিত্যক্ত উপমা;
যেখানে ফিরে আসে না
অর্থের কোনো আলোকরেখা।
তবুও—
মাটির গভীরে জেগে থাকে অন্য সঞ্চার;
শিকড়েরা শেখায় স্থিতির দর্শন,
নির্লিপ্ততার গোপন অনুশীলন,
আর অব্যক্ত শক্তির সংহতি।
এখন আর আমি পুষ্প নই—
আমি হতে চাই অবিনশ্বর বৃক্ষ;
যার কাছে আসা যায়,
কিন্তু ছিন্ন করা যায় না সত্তা।
আমি দাঁড়িয়ে থাকি—
সময়ের অবিরাম স্রোতের বিপরীতে,
নিজস্ব নীরবতায় পূর্ণ,
অনাহত স্বাতন্ত্র্যের দীপ্তিতে অমলিন।
“শূন্যতার গূঢ় অনুরণন”
কাঁচ ভাঙে ঝনঝনে—ধ্বনি বাজে চারিধার,
মন ভাঙে নীরবতায়—শূন্যে ঢাকে অশ্রু-ভার।
দীপ নেভে দমকা হাওয়ায়—জ্বলে ওঠে ছাইয়ের গন্ধ,
হৃদয় নেভে অচেনা ক্ষয়ে—থাকে শুধু নীরব দ্বন্দ্ব।
চোখের জলে বৃষ্টি নামে—দেখে সবাই ভেজা পথ,
মনের জলে ডুবে থাকে—অদৃশ্য এক গহীন রথ।
ফুল ঝরে রঙ হারিয়ে—বাগান জুড়ে পড়ে রেশ,
স্বপ্ন ঝরে নিস্তব্ধতায়—শূন্যতায় অনিমেষ।
বীণার তার ছিঁড়ে গেলে—কাঁপে সুরের কান্না-রেখা,
প্রাণের তার ছিঁড়ে গেলে—কে শুনেছে সেই ব্যথা?
আকাশ ফেটে বজ্র নামে—চমকে ওঠে দিগন্ত-প্রান্ত,
অন্তর ফেটে অন্ধকারে—নামে রাত্রি অগাধ শান্ত।
শঙ্খ ভাঙে শব্দ তুলে—কাঁপে মন্দির, কাঁপে দ্বার,
বিশ্বাস ভাঙে নিঃশব্দে—ঝরে শুধু অদৃশ্য অশ্রুধার।
পাতা ঝরে শরৎ শেষে—দেখে সবাই ঋতুর রূপ,
মায়া ঝরে হৃদয়-ভেতর—ভেঙে হয় শূন্য কূপ।
------------------------------
মেশকাতুন নাহার
প্রভাষক সমাজকর্ম বিভাগ
কচুয়া সরকারি ডিগ্রি কলেজ,
চাঁদপুর।।
Comments
Post a Comment