
গোবিন্দ মোদক
রাতসানাই
প্রেমে ঘনত্ব বাড়লে
আশাবরী রাগে সানাই বাজে
এমনটি কিন্তু কোথাও লেখা নেই
অথচ নিভৃত প্রেমের
অনিঃশেষ স্বতঃসিদ্ধতাকে মেনে নিলেও
একটা উদাসী বিকেল
খাতার সাদা পাতা জুড়ে আঁকিবুকি দেয়,
আর অনিকেত কোনও সন্ধ্যা
দোল খায় সময়ের বাতাসে।
তখন ঠোঁট বুক চিবুক, চিবুক বুক ঠোঁট,
তারপর নাভিমূল, নিতম্বাদি …
না, নৌকা ভাসানোর আগেই
তুমুল জোয়ার এসে ভিজিয়ে যায় তটরেখা
আর বৃত্তাকার একটা সমর্পণের ইঙ্গিতে
শরীর জুড়ে নির্ভার ঘাম ...
রাতসানাই তখন থেমে গেছে বেজে বেজে।
যোগ ব্যায়াম
ভাই, যোগ-ব্যায়ামের নেই তুলনা
নেই এর বিকল্প —
ধর্ম, বিশ্বাসের বাইরে এক বিজ্ঞান
বলছি নাকো গল্প।
নিয়মিত এই যোগ-ব্যায়াম করলে
অশেষ উপকার হয় —
যোগ-ব্যায়ামেতে দেহ ও মনের মধ্যে
হয় যে সমন্বয়।
এতে দেহের সব পেশী সবল হয়
শান্ত যে হয় মন —
কাজে-কর্মে আসে নিবিড় একাগ্রতা
যোগ করে যেই জন।
এটা টেনশন থেকে মুক্তিও দেয়
ঘুমকেও ভালো রাখে —
রুটিন মাফিক যোগ-ব্যায়ামেতে
মানুষ চাপ-মুক্ত থাকে।
ভারতীয় সংস্কৃতির এ অবদান
পাঁচ হাজার বছর ধরে —
পৃথিবীর সবাই থাকুক রোগমুক্ত
যোগ ব্যায়ামটা করে॥
হে জগন্নাথ!
হিন্দু দেবতা বিষ্ণু তিনি – তিনি যে জগন্নাথ
বৃহদাকার চক্ষু দু’টি তাঁর — অসম্পূর্ণ হাত।
জগতের প্রভু যে তিনি নিম-কাষ্ঠে অবস্থান
দাদা বলরাম বোন সুভদ্রা একত্রে পূজা পান।
পুরীর সমুদ্রে ভেসে আসা পবিত্র কাষ্ঠখানি
মূর্তি নির্মাণকল্পে ইন্দ্রদ্যুম্ন দিলেন আদেশখানি।
রহস্যময় এক বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পী হয়ে
নির্মাণকার্যে চৌদ্দটি দিন সময় নিলেন চেয়ে।
বন্ধ দরজার আড়ালেতে শুরু মূর্তির নির্মাণ
নয়-দশদিন পরেই রাজা হয়ে ওঠেন হয়রান।
ঘরের ভিতর নেইতো কোনো নির্মাণ সাড়াশব্দ
তাহলে কি কাষ্ঠশিল্পী করতে চান কিছু জব্দ!
কৌতূহলে রাজা-রাণীমা ঘরটি খোলেন যেই
দেখেন মূর্তি অর্ধসমাপ্ত – কাষ্ঠশিল্পী নেই!
রহস্যময় সেই কাষ্ঠশিল্পী – বিশ্বকর্মা নিজে!
অসময়ে ঘরটি খুলেই ভুলটি হলো কী যে!
কার্যে বাধাদানের জন্য রাজা কাঁদেন মনস্তাপে
পরমেশ্বরের দারু মূর্তি, অর্ধসমাপ্ত, কাঁপে।
নারদ এসে বলেন- আহা! এঁকেই করো পুজো
দারুমূর্তির অন্তরেতে তুমি ঈশ্বরকেই খুঁজো।
সেই থেকেই পুরীর মন্দিরে পুজোর প্রচলন
জগন্নাথ বলরাম সুভদ্রা- তাঁরা তিন ভাইবোন।
জয় জয় জয়! জয় জগন্নাথ, সুভদ্রা বলরাম
ভক্তিপূর্ণ প্রণাম জানাই — পুরাও মনস্কাম!
___________________________
প্রেরক: গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103
Comments
Post a Comment