বিবেকানন্দ নস্কর
বৃষ্টি রতি
ঝাপসা কাঁচে দৃষ্টির স্থবিরতা
মুছে দাও চেনা মুখচ্ছবি
ঝরে পড়ে স্মৃতির এলিজি।
আদুল স্নানে মগ্ন শরীর
ঢেউ মাখে নদী
পুরুষ বুঝি ভাঙন বিশ্বাসী।
পুরানো বিকেল ফিরে ফিরে আসে
পিঠের সমিধে শুধু অন্ধকার
রাত্রি কড়া নাড়ে।
এইভাবে বন্দী যাপন
মেঘলা মনের কোণায় খেলা করে কেউ
সে বুঝি বৃষ্টি রতি।
সেই রাত সেই বৃষ্টি
সেই রাত সেই বৃষ্টি
নিকষ সে ক্ষণ
ঝরে পড়ে স্মৃতি পটে
কার ভিজে মন ।
জানালা খোলাই ছিল
বাড়ালে দু হাত
স্মৃতি মাখা এলো মেলো
বৃষ্টির রাত ।
রাতের আড়ালে ঢাকা
অজস্র মুখ
স্মৃতি থেকে মুছে ফেলা
খুব চেনা সুখ।
সেই রাত সেই বৃষ্টি
মুখ তেতো স্বাদ
জীবনের জটে বাঁধা
অঝোর বিষাদ ।
আষাঢ় পুরুষ
কদমের পাতা মেঘ রঙ মাখা
আষাঢ় পুরুষ বাড়ালো হাত
বর্ষা বাসর জুড়ে অভিমানী রাত।
জলকেলি বীজ ছড়াতে ছড়াতে
কৃষাণীর শরীর ক্ষেতভূমি
মানচিত্রে ভেসে ওঠে আষাঢ় পিতৃত্ব।

Comments
Post a Comment