গুচ্ছকবিতা ।। সুশান্ত সেন
১ ঘুম
ঘুম না এলে কি বা করা যায় ?
তখন কামনার ফুল বৈকুণ্ঠের খাতা
আর সোমরসের ধাক্কা সব একাকার হয়ে যায়।
তখন চিন্তা উদ্ভট উদ্ভট
গুণের জায়গায় ভাগ
বিয়োগের বদলে যোগ
বেড়া টপকে টপকে যায় ।
একটার পর একটা উইকেট পড়ে যেতে থাকে
আর অধিনায়ক যন্ত্রণায় ছটফট করতে থাকেন।
ঘুম না এলে কামনার ফুল বৈকুণ্ঠের খাতা
সোমরসের ধাক্কা সব একাকার হয়ে যায়।
২ থামা
থামতে জানা সোজা নয়
মোহ চারপাশ ঘিরে রাখে
কখন থামতে হবে
কেউ বলে দেবে না তোমাকে।
মন অন্তঃপুরে বয়ে যায় নদী
জল ধারা
বাধা - বন্ধ - হীন
তাহলে থামবে
এই অর্বাচীন !
নিত্য যদি স্বপ্ন জাগে
মন - মধ্যে
নিয়ত নতুন ও স্বপ্নীল
আকাশে ডানা মেলে চিল
৩ বিশ্বাস
সে বিশ্বাস করেছিল
বিশ্বাস করেই বাড়িয়ে দিয়েছিল হাত
দরজার চাবি খুলে ডেকে নিয়েছিল ঘরে
তার জানা ছিল না
দুই আর দুই এ সব সময়
চার না হতেও পারে।
এখন কি করবে অসহায় মেয়েটি
রক্ত ঝরা সন্ধ্যা যখন
ঘন কালো রাত্তির হয়ে
ক্ষুধিত কামনা হয়ে তার
হিংস্র দাঁত প্রকাশিত করে ।
তখন কি জোনাকিদের
বাতিস্তম্ভের কাছে দেখা যায় !
এখন দূরের ধান কেটে নেওয়া মাঠে
চিৎপাত হয়ে রক্তাক্ত সময় শুয়ে আছে ।
ভাবতে থাকুন বাবুমশাইরা ।
৪ সম্রাট
সম্রাট বললেন - আমি যুদ্ধে যাচ্ছি
প্রশ্ন এল - যুদ্ধ শুরু করবেন কেন ?
সম্রাট বললেন - ওরা জুজুর ভয় দেখাচ্ছে
তাই ওদের বাগানে জুজু খুঁজতে যাচ্ছি ।
সময় চলল যুদ্ধ চলল ।
প্রশ্ন বলল - জুজু খুঁজে পেলেন ?
সম্রাট বললেন - পালিয়ে অন্য দেশে গেলেও
তাকে ঠিক খুঁজে বার করবো।
প্রশ্ন বলল - তাহলে কি জুজু এই দেশে নেই ?
তাহলে যুদ্ধ কেন ?
সম্রাট তখন পূব দিকে তাকিয়ে বিড় বিড় করছিলেন,
আমি শান্তির দূত দেশে দেশে আমি শান্তি প্রতিষ্ঠা করেছি
আমাকে সম্মানিত কর !
প্রশ্ন বলল - যুদ্ধ কি আপনি শুরু করেননি ?
উত্তর এল না ।
" স্টাচু অফ লিবার্টি " - হাডসন মোহনায়
চুপ করে দাড়িয়ে আছে ।
...........................................
সুশান্ত সেন
৩২বি , শরৎ বসু রোড কলিকাতা ৭০০০২০
৯৮৩০২৪২১৩৪

Comments
Post a Comment