সামলে নেবে
আনন্দ বক্সী
অচিনপুরে যাবে খোকা
টাট্টুঘোড়ার পিঠে চড়ে,
খুরের শব্দে মাতিয়ে দিক
লাগামখানি কষে ধরে।
ভয় পাবে না মোটেও খোকা
থাকবে বসে বীরের মত,
সামলে নেবে নিজেই খোকা
আসবে পথে বিপদ যত।
কোনও বাধাই পারবে না যে
আজকে তাকে আটকে দিতে,
পুরোপুরি প্রস্তুত যেন
তার দক্ষতার স্বাদটা নিতে।
দৈত্য দানো রাক্ষস খোক্কস
যেই আসুক না পথের বাঁকে,
হাতের চাবুক দিয়ে খোকা
বোঝাবে ঠিক সবক তাকে।
ঘুরবে খোকা ইচ্ছেমত
অচিনপুরে পৌঁছে গিয়ে,
লাগবে ভালো যে জিনিসটা
মায়ের জন্য আসবে নিয়ে।

Comments
Post a Comment