মহারাজ
অসীম কুমার মন্ডল
মহারাজ, মহারাজ, তুমি বড়ই ধাপ্পাবাজ
মুখে বলো তুমি গরিবের
আসলেই তুমি ধনিদের,
নতুন নতুন ফন্দি এটে
করছো নিজের রাজ!
মহারাজ, মহারাজ, তুমি বড়ই ধাপ্পাবাজ।।
ধনীর সাথে সখ্যতা বৌয়ের ভাই যেমন
আমার সাথে হিসাব কশো সৎ ভাইয়ের মতোন।
আমি ঘোরাই কলের চাকা আমায় দাওনা ভাত,
আমার পেটে লাথি মারো তোমরা উচু জাত।
সামনে এলে দেখাও আবার
বন্ধু বন্ধু সাজ!
মহারাজ, মহারাজ, তুমি বড়ই ধাপ্পাবাজ।।
নির্বাচনের সময় এলে চেচিয়ে বলো ভাই
বুকে তোলো জনসভায় লাজ সরম নাই।
চুরি করে পকেট ভরো আমার ভাতের টাকা,
তেলো মাথায় তেল দিয়ে আমায় রাখো ফাঁকা।
কেনো করো রাজা
এমন হীন কাজ?
মহারাজ, মহারাজ, তুমি বড়ই ধাপ্পাবাজ।
সব যে তোমার অভিনয় তুমি তাদের গোলাম
রাজ্য লোভী রাজা তুমি তাদের করো সালাম।
সাদা খামে মোড়া তুমি
স্বচ্ছ ধোকাবাজ!
মহারাজ, মহারাজ, তুমি বড়ই ধাপ্পাবাজ।।
অসীম কুমার মন্ডল
রূপরামপুর থুকড়া ডুমুরিয়া খুলনা


Comments
Post a Comment