দুটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর
কাঙালপনা
তেঁতুলের বীচি চিবোতে চিবোতে
ক্ষুধা ভুলে যাও।
ক্ষুধার অন্য পিঠে
নরম আটপৌরে কাঙালপনা।
দারিদ্র্যকে ভালোবাসা সহজ
ভাত ফোটানোর আগুন না পেলে
পাথর ঘষা রাত
অন্ন পাবে কীভাবে?
বশ্যতা একটি আদিম শব্দ
পাথরের মতো কঠিন মসৃণ
অনাহার ক্রীতদাস
আদেশের অপেক্ষায়।
ধূপের আগুন প্রেম
পুড়ে যাও জীবনের অক্ষর
কাঙালিনী আঁচল পেতে থাকে
অনন্তকাল।
দুর্যোগ
শুকনো পাতার প্রার্থনায়
লেখা ছিল ক্ষত।
এ এক আদিম প্রাকৃতিক রোষ
সৃষ্টি আড়ালে লুকানো
বিভীষণ ক্ষোভ।
ভেঙে যাওয়া নদী
চলে গেলে অন্য মায়ায়
অন্য আকুতি, অন্য স্রোতের টানে
অভিসারী প্রবাহ প্লাবন।
সময় গুঁড়ো হলে
চোখে মুখে বয়সের দাগ
অচেনা পৃথিবী অচেনা প্রবৃত্তি
সে ও এক প্রাকৃতিক অনুরাগ।
....................................
বিবেকানন্দ নস্কর
সম্পাদক -ছন্দের ঘ্রাণ পত্রিকা
সন্তোষ পুর
পোঃ চাঁদ পালা
ফলতা
দ: ২৪পরগনা
পিন-743503
Comments
Post a Comment