Skip to main content

কবিতা ।। মাগো তুই ।। মো. সাব্বির হোসেন টুটুল

নবপ্রভাত

মাগো তুই

মো. সাব্বির হোসেন টুটুল


মাগো তুই রে কনে আছিস
আমায় ফেলে তুই,
তরে ছাড়া কাইন্দ্যা মরি
গায়ে মাইখা ভুঁই।

এত ডাকি তরে আমি
থাকিস ক্যানে চুপ,
আইসা একবার দ্যাখ না রে তুই
মলিন আমার রূপ।

চাঁদের দেশে থাকিস নাকি
আমায় কইলো ভাই,
চাঁদের দিকে তাকাই আমি
কই মা তুই তো নাই!

বইনে কইলো তারার দেশে
লুকিয়েছিস তায়?
আয় না চইলে লও না কোলে
পরান মইরা যায়।

জানিস মা তুই কাল মাঠেতে
খাইসি আমি কিল্,
বল ছুঁয়েছি তাই বলে কী
মারবে আরও ঢিল্?

জ্বালা করছে বড্ড মাগো
তর যে আদর চাই,
হন্যে হয়ে খুঁইজা মরি
তুই তো কাছে নাই।

খুব যন্ত্রণা হয় রে মাগো
যখন আসে রাত,
ঘোর আন্ধারে কান্দি আমি
চাই যে তর-ই সাথ।

জানিস মা তুই জ্বর আসিলে
ব্যথায় কাঁপে দাঁত,
তুই রে যহন ছিলি মা রে
মাথায় রাখতি হাত।

দোহায় লাগে ওই জননী
পরান কাদে হায়,
আল্লার কাছে ছুডি লইয়্যা
আমার কাছে আয়।

আসবি যদি সাথে কইরা
আনিস কিছু ফল,
অনেক দিন মা হইল মা রে
গায়ে নাই মোর বল।

হগল কিছু ভুইলা যামু
তুই যে আমার সুখ,
ও মা তুই কই যে লুকাইলি
ডাকে আমায় দুখ।

দুখে থাকি আমি মাগো
তুই কী তা মা চাস?
ভালা যদি বাসিস আমায়
আসিস সামনের মাস!

ম্যালা দিন মা চইলা গেল
আছিস তুই মা মুক,
বেজাই হইল লুকোচুরি
এবার খুলিস মুখ।

ম্যালা কথা কইবি রে তুই
ভরবো আমার মন,
তুই যে আমার বাঁচার নৌকা
তুই তো সুখের ক্ষণ। 

দোহায় লাগে আবার মা রে
রওনা দে তুই পথ,
পথের পানে চাইয়া থাকমু
সাজমু একটু বদ।

তখন মা তুই আমার রাগে
করিস না তুই রাগ,
তুই রাগিলে আমার কলজায়
জ্বইলা ওঠে আগ।

Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই