তিনটি কবিতা ।। লালন চাঁদ
একলা
আজ আর কাছে আসে না কেউ
যারা কাছে ছিলো
তারা ছেড়ে গেছে
আকাশের মতো এখন একলা জীবন।
বয়েস বেড়েছে
দৃষ্টি ক্ষীণ
যৌবনের রোদ নেই
এখন বসে বসে গুণি বার্ধক্যের দিন।
উত্তাপ চায় মন
প্রিয়জনের একটু ছোঁয়া
শ্মশানে কারা লাশ বয়ে নিয়ে যায়
ভাবি আমিও লাশ হবো
ক'টা দিন পর।
বিষাদ ভাবনায় খাঁ খাঁ করে ওঠে মন।
অপেক্ষা
কেউ নেই
অথচ কেউ কেউ থেকে যায়
মনের গোচরে
থেকে যায় অপেক্ষায়।
আজ যার সাথে দ্যাখা
সে অপরিচিত
হৃদয়ে ধূপের সুবাস
কেউ থেকে যায় অপেক্ষায়।
অনেক দিন পর কথা হলো
সবাই ফিরে এলো
মনের মানুষ ফিরে এলো না
এখন আর কেউ থাকে না অপেক্ষায়।
শূন্য হৃদয়
মরে গিয়ে বেঁচে আছি তার অপেক্ষায়।
হেঁটে যায় রোদ্দুর
পায়ে পায়ে হাঁটে
পায়ে পায়ে হেঁটে যায় রোদ্দুর
দুপুর পোড়ে দাবদাহে
খরা কবিতায়।
বিকেল আসে না
সন্ধ্যে নামে না
পাখিরা ফেরে না নীড়ে
তবু মনের নদী পেরিয়ে যায়
অচেনা ভূবন।
শুকনো মরু বুক বরাবর
তেষ্টায় বিহবল ঠোঁট
ভুখাপেট পান করে চাঁদের ওলান
এসো বসি রোদে
যে নেই তার ছায়ায় বসে জিরিয়ে নিই।

Comments
Post a Comment