তিনটি কবিতা ।। কাজল আচার্য
গিনিপিগ
মাঝখানে কেটে গেছে অনেক বছর
কপাল জুড়ে কতগুলো দাগ
চেঁচায় অষ্টপ্রহর।
পাতা বাহারের ঝোঁপে বোলতার চাক
সাবধানে ফুল তুলতে হয়
পা ফেলতে হয় নিঃশব্দে।
সেই ভয়ংকর তাড়া শৈশব থেকে
দৌড় করায় আজও।
ঘুড়িটা পরবি না পর ওই ঝোঁপে
প্রতিদ্বন্দ্বী ঠিক পিছনে।
সেই থেকে ফাস্ট হইনি কোন দিন
সোনা ? সোনালী জগৎ ভুলে বসে আছি
রুপোর মোহে বুঁদ।
যে সময় চলে গেছে
তার থেকে চুঁইয়ে পড়ছে
অবিরাম অনুরণন অনুশোচনার।
এত বৃষ্টি এত এত জল কাঁদা
ধুয়ে গেলো না সেদিনের কালো মেঘ
মুছে না কেন সেই সব...
বিপ্রতীপ
কাল আসিনি বলে
আজও আসবো না
এভাবে ভাবিস কেনো ?
দেখা হলে কী ? গলা জড়াবো না।
হাত তুলিনি তাই
ভুলে গেছি তোলা
তলোয়ার খাপে নেই
বিলকুল খোলা।
পায়ের অধিকার পদাতিক
কতটা এগোলে জীবন বেপরোয়া।
ভিতরে চোরা স্রোত আস্তিক
সামনেটা অস্পষ্ট, যুক্তিবাদী ধোঁয়া।
আসমান ঠিকানা
একদিন পাখি উড়ে যাবে হয়তো
খাঁচা শক্তপোক্ত, দানাপানি লোভনীয়
আকাশে তাকায় সে শুধু
বাতাসে উড়ায় রঙিন পালক
একদিন ফিরে এসে দেখবো হয়তো...
এখন শরৎ, সাদা মেঘের আনাগোনা
মন যেন পাখা মেলতে চায়
দূর আসমান ঠিকানায়।
সাতপাঁচ বেড়াজালে হাঁপায়
মন পবন পরিযায়ী সুখ
পৃথিবীর রঙ বাহারী খেলা।
আশঙ্কায় মেঘ, কালো হয়ে উঠে
কাশের বন তরাসের জলে ভেজে
আমার বাড়ির জনালা খোলে না সম্প্রতি।
কারারুদ্ধ হয়ে প্রান্তরে আকাশ খুঁজি
কে দিয়ে যাবে উন্মুক্ত আকাশে...
kajal Acharya
Elson Sapphire, A-4, Bl-1
Rabindrapally (Near chandi Mondir)
P.O- Nabapally
P.S- Barasat
Dist- North 24 Parganas
Pin- 700126
Mob-9831229817

Comments
Post a Comment