Skip to main content

ছড়া ।। শহরে ।। এ্যাড. মোঃ ফায়জল বাকী (পিটার)


শহরে

মোঃ ফায়জল বাকী (পিটার)


অষ্টপ্রহর প্রাণের লহর
তার যে বহর, হয় না ঠাহর৷
কি যে চাপ! বাপ রে বাপ!
চলতে-ফিরতে লাগায় হাঁফ।

হুটোপুটি লুটোপুটি     
প্রাণ নিয়ে ছুটোছুটি
দুড়ুম-দড়াম বাস-ট্রাম  
রাস্তা মাঝেই রাস্তাজাম৷

কোর্ট-কাছারি-জারিজুরি 
 গোলকধাঁধায় ঘোরাঘুরি৷
জটিল-কুটিল গোলকধাঁধা
 চলার পথেও আছে বাঁধা৷

রাস্তাজুড়ে আঁস্তাকুডে     
গন্ধে বাতাস বেড়ায় উড়ে৷
ছুটছে মানুষ তোড়ে-জোড়ে  
মোটরবাইক গাড়িই চড়ে৷

 ভদ্র-চাষা ছুটছে খাসা,
 বুকে নিয়ে আশার বাসা৷
নানান জনের নানান ভাষা
 রং বে-রঙের যুক্তিঠাসা৷
 
আকাশছোঁয়াই দালান-বাড়ি,
আকাশ-বাতাস নিচ্ছে কাড়ি৷
আইনকানুন বেড়াই তাড়ি
সবার সাথেই সবার আড়ি৷

উড়ছে মাছি ভনভন
শব্দে মাথা টনটন
কাকা ঘেউঘেউ           
সুখের মাঝেও আছে ফেউ!

মনের গহন দেখাই স্বপন,
স্বপন পারাই জীবনযাপন৷
ব্যস্তজীবন স্রোতেও ভাসা-
স্রোতের সনেই কাঁদা-হাসা৷

শহর-লহর ঘুরেফিরে,
মনটা ফাঁসে প্রশ্নফেরে-
প্রশ্নভারেও যাচ্ছি মরে,
মানুষ বাঁচে কেমন করে?

=======================
 
 

এ্যাড. মোঃ ফায়জল বাকী (পিটার)

বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ


Comments

বিধিবদ্ধ স্বীকার্য :

লেখার বক্তব্যের দায়িত্ব লেখকের, পত্রিকার নয়। আমরা বহু মতের প্রকাশক মাত্র।

সাম্প্রতিক বাছাই

বছরের বাছাই

মাসের বাছাই