ছবি
অঙ্কিতা পাল ( বিশ্বাস )
আমি তো চাইনি ছবি
হতে চেয়েছি কবি,
তাই বারবার চেয়ে দেখি
ললিত বরণ রবি।
সে যে কেবলই দিয়েছে ব্যথা
কখনও কয়নি কথা,
কেবলই ভয় কেবলই শূন্যতা
হারিয়ে ফেলেছি তারে
ধীরে ধীরে বিশ বিশটা বছর ধরে।।
এই তো আছি বেশ
সব যেন হল শেষ,
তবে কেন এত আকুলতা?
মনের এই ক্যানভাসে
বিশাল আকাশের মাঝে
হারিয়েছি নিজেকে একাকী।
চুপ করে বসে বসে,
অশ্রুভেজা দুটি নয়নে
প্রতিনিয়তই এঁকেছি ছবি।।
এক ধুলি ঝড়ে,
কেড়ে নিলো তারে -
যেদিকে তাকাই শুধু ধুধু........
আমি একা দাঁড়িয়ে মরুভূমির মাঝে।।
কিছু কথা আছে
কিছু গান আছে
কিছু আছে অন্ধকার চিত্র।।
আঁকা বাঁকা পথে
পাহাড়ের খাদের কিনারে এসেছি,
ধরিতে পারিনি তারে
শত শত বারে,
দুরু দুরু বুকে
কেন এত ভীতি?
নিরব আমি বলিতে পারিনি কিছুই।
গাইতে পারিনি গান,
ভেঙে গেল প্রাণ।
সেদিনের শেষ অসম্পূর্ণ প্রতিচ্ছবি
আজও আঁকতে পারিনি আমি
পড়ে আছে সেই সাদা খাতার পাতা।।
নতুন নতুন ছবি
নূতন করে ভাবি,
ভোরের আলোয় দেখি রাঙা চারিপাশ।
সেই ছবি আজ প্রথম আঁকলাম,
কখনো কি ভেবেছিলাম
হাতে থাকা রঙ তুলির টানে ;
সাদা পাতাও যেন রঙিন হয়ে উঠবে
হারিয়ে ফেলেছি নিজেকে
রবি ঠাকুরের গানে ।
আর কোনো ভয় নেই
সময়ের বালুচরে চাপা পড়েছে অতীত ,
বর্তমানকে নিয়েই চলতে হবে ।
"ছবি" বলেছে কথা আমার সাথে
গানে গানে প্রাণে প্রাণে,
কেটেছে নিরালা প্রহর
কখন যেন হলো ভোর
আবার নতুন করে দেখেছি পাখির মেলা।
একখানি বক চুপ করে বসে
কি যেনো খোঁজে ঝোপের পাশে ,
অপরূপ এক আলোক মালায়
ভরিয়ে দিয়েছে চারিপাশ ।
কখনো সোনালী কখনো লাল
কখনো আবার হলুদ বিকেল,
কখনো আবার ধূসর গোধূলি
রাতের আঁধার সরিয়ে পাখির কাকলি
কেটে গেছে দিন হয়েছে রঙিন,
শরতের সাদা মেঘে দেখেছি রামধনুকে।।
Comments
Post a Comment