হরিপুরের কালীপুজো
চন্দ্রমা মুখার্জী
প্রায় চল্লিশবছর পরে আজ সুনির্মলবাবু বাড়ির পুজোয় ফিরছেন। সে আজ কতবছর আগের কথা, যেন আগের জন্মের কথা। হরিপুরের এই পৈতৃক ভিটেতে তাঁর শৈশব, কৈশোর, যৌবনের কিছুটা কেটেছিল। তাঁদের একান্নবর্তী পরিবারে ধুমধাম করে দীপান্বিতা কালীপূজা হতো। পুজোর প্রায় একমাস আগে থেকে তোড়জোড় শুরু হতো। গ্রামাঞ্চলে তখন দুর্গাপুজোয় বিশেষ হইচই হতো না। তবে তাঁদের বাড়ির কালীপুজোকে ঘিরে গোটা গ্রাম মেতে উঠতো।
বাড়ির ঠাকুরদালানে মহালয়ার দিন কাঠামো পুজো করে তাতে মাটি দিয়ে ঠাকুর তৈরি শুরু হতো। তাঁদের বাড়ির রীতি অনুযায়ী বাড়ির সব সদস্য একটু করে মাটি দিতো। তারপর ধীরে ধীরে ঠাকুর তৈরি হয়ে উঠতেন পালদের হাতে। ওরাই বংশপরম্পরায় এই ঠাকুর তৈরি করে আসছে। আজও তার অন্যথা হয় না।
যখন অনেক ছোট ছিলেন সুনির্মলবাবু, হয়তো পাঁচ কি ছয় বছর বয়স, সেই শেষবার তাঁদের বাড়ির কালীপুজোয় পাঁঠাবলি হয়েছিল। সুনির্মলবাবুর ছোটদাদু নাকি সেইবার কালীপুজোর পরদিন রাতে মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন – ‘ওরে, কেন তোরা অবোধ পশুর বলি দিস? আমি রক্ত চাই না রে। তোরা ভালোবেসে স্মরণ করবি, তাহলেই হবে।‘ তারপর থেকে বলি বন্ধ হয়ে গেল।
মনে পড়ে, বাজি পোড়ানোর কথা। কালীপুজোর কদিন আগে থেকেই বড় দাদারা বাজির মশলা বানাতে শুরু করতো। তারপর ছোটরা সেই মশলা রোদে দিত। নিজেরা বাজি তৈরি করার আলাদাই আনন্দ ছিল। সেই বাজি পোড়ানো হতো, কালীপুজোর পরেরদিন ঠাকুর ভাসানের সময়। কিছু বাজি আবার আলাদা করে রেখে দেওয়া হতো। পরেরদিন ভাইফোঁটায় দূর থেকে পিসিরা, দিদিরা আসতো ফোঁটা দিতে। আর মামারা, ভাইরা আসতো ফোঁটা নিতে। তখন সেও এক মস্ত উৎসব হতো। পাত পেড়ে খাওয়া হতো, জমিয়ে গল্প হতো। আর কে কি উপহার পেল, তাই নিয়ে ছোটদের মধ্যে একটা চোরাগোপ্তা প্রতিযোগিতা চলতো। সন্ধ্যেবেলা সবাই মিলে সেই সরিয়ে রাখা বাজি পোড়ানো হতো। ছোটরা ফুলঝুরি, রংমশাল এসব পোড়াতো। আর একটু বড়রা আর প্রাপ্তবয়স্করা তুবড়ি, চরকি, কালীপটকা, চকোলেট বোম ফাটাতো, রকেট ওড়াতো। তবে এইসব স্পেশাল বাজি বড় দাদারা নুঙ্গি থেকে কিনে আনতো।
ভূতচতুর্দশী, দীপাবলিতে বাড়ির চারদিকে প্রদীপ, মোমবাতি দিতেন মায়েরা। মা – ঠাকুমার আঁচল ধরে পিছুপিছু ঘুরতেন ছোট্ট সুনির্মলবাবুরা। ছাদের এক কোণায় আকাশপিদিম দিয়ে ঠাকুমা বলতেন, পূর্বপুরুষদের স্মরণ করতে। পিতৃপক্ষের শেষে মহালয়ার তর্পণে তাঁরা ধরাধামে আসেন, আকাশপিদিমের আলো দেখে তাঁরা পথ চিনে স্বর্গে ফিরে যান। যাওয়ার আগে বংশধরদের আশীর্বাদ করে যান।
বিয়ের পরে দুবছর থাকার পর সুনির্মলবাবু বিদেশে ভাল চাকরি পেয়ে চলে গেলেন। গ্রামে তো আসতেন, তবে কালীপুজোয় আর আসা হতো না। এতদিনে অবসর নিয়ে কলকাতার বাসিন্দা হয়েছেন। বড়দা ফোন করে বললেন, ‘নিমু, এবারই বাড়িতে শেষবার পুজো। আর কেউ দায়িত্ব নিতে চায় না। সবাই শহরে চলে যায়। এবারে আয়।‘ দাদার কথা ফেলতে পারেননি সুনির্মলবাবু। পরিবারের সবাইকে নিয়ে আসছেন হরিপুরে পুজো দেখতে।
এতোক্ষণ যে স্মৃতি রোমন্থন করছিলেন, সেগুলো সব শুনেছে মেয়ে লিলি। পাশে ছেলে অনি বসেছিল। সুনির্মলবাবু আর তাঁর স্ত্রী উমা বিদেশে থাকলেও ছেলে – মেয়েকে ভালমানুষ করেছেন। লিলি, অনি বাইরে থাকলেও, ঠিক কাজে একটা ব্যবস্থা করে ফিরেছে বাড়ির পুজো দেখবে বলে। গ্রামের পুজোর বর্ণনা শুনে ওরা তো উত্তেজিত।
ওদের দেখে দাদারাও খুশি। তবে পুজো আর হবে না বলে মনমরা হয়ে আছেন। কিন্তু এতো ভাল ছেলেমেয়ে থাকতে তো কোন চিন্তা নেই। ওরা সব ব্যবস্থা করে ফেলল। পুজো যেমন ছিল, তেমনই হবে। একটা ট্রাস্ট তৈরি করা হল যাতে বাড়ির সদস্যরা যে যেখানেই থাকুক, টাকা পাঠাতে পারবে। আর পুজোর দায়িত্ব নেবে গ্রামের ছেলেমেয়েরা। ওরা এই পুজোকে নিজেদের বাড়ির পুজোই মনে করে। আর পরিবারের লোকেরা যে যেরকম সুযোগ পাবে, পুজোয় যোগদান করবে। হরিপুরের কালীপুজো কোনদিন বন্ধ হবে না। পুরোনোকে ওরা হারিয়ে যেতে দেবে না।


Comments
Post a Comment